:

ভারতে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত নিহত

top-news

 ভারতের মহারাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ওই রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান অজিত পাওয়ার নিহত হয়েছেন। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এনসিপির প্রধান অজিত পাওয়ার ছাড়াও এ ঘটনায় আরও চারজন নিহত হয়েছেন। তাঁরা হলেন পাইলট, ফার্স্ট অফিসার, অজিত পাওয়ারের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা এবং তাঁর এক সহকারী।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানায়, মহারাষ্ট্রের বরামতি বিমানবন্দরে জরুরি অবতরণের সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

চার্টার্ড উড়োজাহাজটি আজ সকাল আটটায় মহারাষ্ট্রের মুম্বাই থেকে বরামতির উদ্দেশে রওনা দেয়। স্থানীয় সময় সকাল পৌনে নয়টার দিকে উড়োজাহাজটি বরামতি বিমানবন্দরের রানওয়ের কাছে বিধ্বস্ত হয়।

প্রাথমিক তথ্যের বরাত দিয়ে এএনআই বলছে, জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে অজিত পাওয়ার দলের পক্ষে জনসভায় অংশ নিতে বরামতি যাচ্ছিলেন। আজ তাঁর সেখানে চারটি জনসভায় অংশ নেওয়ার কথা ছিল।

ভারতের বেসামরিক বিমান পরিবহন পরিচালক সংস্থার (ডিজিসিএ) প্রাথমিক তথ্য অনুযায়ী, উড়োজাহাজটির কোনো আরোহী বেঁচে নেই।

অনলাইনে ছড়িয়ে পড়া ঘটনাস্থলের ভিডিওতে উড়োজাহাজের ধ্বংসস্তূপের ভেতর আগুন জ্বলতে ও ধোঁয়া উড়তে দেখা যায়।

৬৬ বছর বয়সী অজিত পাওয়ার ভারতের প্রবীণ রাজনীতিবিদ ও এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাইপো এবং লোকসভা সদস্য সুপ্রিয়া সুলের চাচাতো ভাই।

২০২৩ সালে অজিতের নেতৃত্বে এনসিপিতে ভাঙন ধরে, তিনি শরদ পাওয়ারের বিরুদ্ধে অবস্থান নেন। পরে এনসিপির একটি অংশ তাঁর নেতৃত্বে এবং আরেকটি অংশ শরদের নেতৃত্বে পরিচালিত হচ্ছিল।

অজিত বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের সঙ্গে জোট গড়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হন।

এদিকে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, একটি মাঝারি মাপের চার্টার্ড বিমানে মুম্বই থেকে বারামতী যাচ্ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। বারামতী বিমানবন্দরে অবতরণের সময়েই ভেঙে পড়ে বিমানটি। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, সেটি ছিল লিয়ারজেট ৪৫ মডেল-এর ‘ভিটি-এসএসকে’ বিমান। বম্বার্ডিয়ার এরোস্পেস সংস্থার তৈরি এই বিমানটিই বুধবার সকালে ভেঙে পড়ে বারামতীতে।

লিয়ারজেট ৪৫ মডেলের বিমান অতীতেও দুর্ঘটনার কবলে পড়েছিল। জানা যাচ্ছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে বিশাখাপত্তনম থেকে মুম্বইয়ের উদ্দেশে উড়ানের সময়ে দুর্ঘটনার কবলে পড়েছিল একটি লিয়ারজেট ৪৫ বিমান। সেটিতেও অবতরণের সময়েই দুর্ঘটনা ঘটেছিল।

পরবর্তী সময়ে জানা যায়, বিশাখাপত্তনম থেকে উড়ান স্বাভাবিকই ছিল বিমানটির। যাত্রাপথেও কোনও সমস্যা হয়নি। বিপত্তি ঘটে অবতরণের সময়েই। মুম্বই বিমানবন্দরে তখন বৃষ্টি হচ্ছিল। দৃশ্যমানতাও কিছুটা কমে গিয়েছিল।

বিমানটি ২৭ নম্বর রানওয়েতে অবতরণের অনুমতি পেয়েছিল। ওই অবতরণের চেষ্টার সময়ই ভেঙে পড়েছিল বিমানটি।

এই মডেলের বিমানগুলিতে দু’টি ইঞ্জিন থাকে। সাধারণত এই বিজ়নেস জেট বিভিন্ন কর্পোরেট এবং ভিআইপি-দের সফরের জন্য ব্যবহৃত হয়। মাঝারি মাপের এই বিমানটি স্বল্প এবং মাঝারি দূরত্বের উড়ানের জন্য উপযুক্ত।

মুম্বই থেকে বারামতী যাওয়ার পথে ভেঙে পড়া এই লিয়ারজেট ৪৫ বিমানটি পরিচালনা করছিল ‘ভিএসআর ভেঞ্চার্‌স’ নামে এক সংস্থা। সেই ‘ভিএসআর ভেঞ্চার্‌স’-এর বিমান দুর্ঘটনাতেই এ বার মৃত্যু হল মহরাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিতের।

কী কারণে এই বিমান দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

সকাল ৮টায় মুম্বই থেকে ওই চার্টার্ড বিমানে বারামতীর উদ্দেশে রওনা দেন অজিত। অবিভক্ত এনসিপি-র অন্যতম ঘাঁটি বারামতী। সামনেই সেখানে জেলা পরিষদের নির্বাচন রয়েছে। সেই ভোটের প্রচারের উদ্দেশ্যেই বারামতীতে যাচ্ছিলেন তিনি।

বুধবার বারামতীতে চারটি সভা করার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই ঘটে যায় দুর্ঘটনা। সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ বারামতী বিমানবন্দরে অবতরণের সময়ে আছড়ে পড়ে লিয়ারজেট ৪৫ বিমান। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *