:

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড: বিপুল সংখ্যক হতাহত, কয়েকটি হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা

top-news

কানাডার আলবার্টা প্রদেশে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।  এর জেরে সৃষ্ট  অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন নিহত ও বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছেন।

শনিবার গভীর রাতে কানাডিয়ান ফোর্সেস বেস (সিএফবি) ওয়েইনরাইট-এ এই মর্মান্তিক ঘটনা ঘটে। কানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগুইন্টি হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, আহতদের সংখ্যা এতোটাই বেশি যে, ঘটনাস্থল থেকে ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত এডমন্টন শহরের হাসপাতালগুলো রোগীদের ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় আলবার্টার বেশ কয়েকটি হাসপাতালে জরুরি অবস্থা বা 'কোড অরেঞ্জ' ঘোষণা করা হয়েছে, যা মূলত একসঙ্গে বিপুল সংখ্যক গুরুতর আহত রোগীর সমন্বিত চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। খবর এপি'র। 

শনিবার রাতে ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগের তীব্র ঝোড়ো বাতাসের কারণে আগুন দ্রুত ঘাঁটির সীমানা ছাড়িয়ে আশেপাশের গ্রামীণ এলাকায় ছড়িয়ে পড়ে। রয়্যাল আলেকজান্দ্রা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়ারেন থার্স্ক কানাডার জাতীয় সম্প্রচারমাধ্যম সিবিসি-কে জানান, এই বিপুল সংখ্যক রোগীর চাপ পুরো এডমন্টন শহরের চিকিৎসা ব্যবস্থাকে বিপর্যস্ত করে তোলার মতো। পরিস্থিতিকে তিনি গত ১৫ থেকে ২৫ বছরের মধ্যে অন্যতম ভয়াবহ বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেছেন।

স্থানীয় ওয়েইনরাইট শহরের মেয়র ব্রুস পুগ জানান, তাদের ৭ হাজার বাসিন্দার ছোট শহরের হাসপাতালটি এতো বড় 'মাস-ক্যাজুয়ালটি' বা গণ-হতাহতের ঘটনা মোকাবিলার উপযোগী নয়। তবে স্থানীয় চিকিৎসাকর্মীদের দ্রুত পদক্ষেপ এবং হেলিকপ্টার ও বিমানের মাধ্যমে রোগীদের অন্যান্য স্থানে স্থানান্তরের তৎপরতা প্রশংসনীয় বলে তিনি উল্লেখ করেন।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক ঘোষণায় জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের প্রতি সম্মান জানাতে দেশজুড়ে সমস্ত ফেডারেল ভবনে কানাডার জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। তিনি ক্ষতিগ্রস্ত সেনা সদস্য ও তাদের পরিবারের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ঘটনার পেছনে এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের ইঙ্গিত পাওয়া যায়নি। তবে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) অত্যন্ত সতর্কতার সাথে এর তদন্ত শুরু করেছে। প্রতিরক্ষামন্ত্রী ম্যাকগুইন্টি পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য সরাসরি এডমন্টনে ছুটে গেছেন। তিনি জানান, আলবার্টা সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে সামরিক বাহিনী ঘনিষ্ঠভাবে কাজ করছে।

সিএফবি ওয়েইনরাইট কানাডার অন্যতম বৃহৎ ও ব্যস্ত সামরিক প্রশিক্ষণ ঘাঁটি, যেখানে মূলত যুদ্ধকালীন বাস্তবমুখী অভিযানের জন্য সেনাদের প্রস্তুত করা হয়। আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ এই অগ্নিকাণ্ডকে একটি 'ভয়াবহ এবং মর্মান্তিক' ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেছেন।

প্রতিবেশী প্রদেশ সাসকাচোয়ানের প্রিমিয়ার স্কট মো ইতিমধ্যে আলবার্টাকে জরুরি সহায়তার প্রস্তাব দিয়েছেন এবং কানাডার বিরোধী দলীয় নেতা পিয়েরে পোইলিভরেও ক্ষতিগ্রস্তদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে স্থানীয় জনসাধারণকে জরুরি বিভাগের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

এই বিপর্যয়ের প্রভাব পড়েছে স্থানীয় রাজনীতিতেও; সোমবার অনুষ্ঠিতব্য আলবার্টার স্বাধীনতার প্রশ্নে একটি রেফারেন্ডামের অগ্রিম ভোটগ্রহণ ব্যাহত হওয়ায় লয়েডমিনিস্টার এবং ভার্মিলিয়নের দুটি ভোটকেন্দ্র নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে ব্যালটগুলো নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

সামরিক বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, নিহত ও আহতদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার পরই কেবল হতাহতের সুনির্দিষ্ট পরিসংখ্যান জনসমক্ষে প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *