:

উপাচার্য অপসারণ: চুয়েটে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ ও মূল ফটকে তালা

top-news

মাত্র ৫৬ দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে ক্যাম্পাসের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। এর ফলে আজ মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পাঠদান, পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।

গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। দায়িত্ব নেওয়ার পর তিনি বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক সমস্যা সমাধানে নানা ইতিবাচক উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে কুয়েটের ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ই অপ্রত্যাশিত পরিবর্তনে বিশ্ববিদ্যালয়জুড়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চরম বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক সায়েম নিজেও জানিয়েছেন যে এই সিদ্ধান্তের বিষয়ে তাঁর কাছে আগে থেকে কোনো তথ্য ছিল না। শিক্ষক ও শিক্ষার্থীরা বলছেন, কাজের পর্যাপ্ত সুযোগ না দিয়ে এভাবে বারবার উপাচার্য পরিবর্তন করলে প্রতিষ্ঠানের প্রশাসনিক ধারাবাহিকতা ও স্থিতিশীলতা নষ্ট হয়।

সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অবিলম্বে স্বপদে বহাল করার দাবিতে শিক্ষার্থীরা সকাল সাড়ে আটটার দিকে মূল ফটকে তালা দিয়ে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। একই দাবিতে সকাল ১০টার দিকে উপাচার্য ভবনের সামনে মানববন্ধন করেছে চুয়েট শিক্ষক সমিতি। সাধারণ সভার মাধ্যমে শিক্ষক সমিতিও এই সিদ্ধান্তকে অযৌক্তিক উল্লেখ করে সাবেক উপাচার্যকে পুনর্বহালের জোরালো দাবি জানিয়েছে। শিক্ষার্থীরা সাফ জানিয়ে দিয়েছেন, যতদিন পর্যন্ত তাঁদের দাবি মানা না হবে, ততদিন এই ‘কমপ্লিট শাটডাউন’ ও আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *