সীতাকুণ্ডে বিএনপির কর্মসূচি ঘিরে সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শন: কাটা বন্দুকসহ গ্রেপ্তার ৩
- ডেস্ক রিপোর্ট:
- 08 Sep, 2026
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযানে একটি দেশীয় তৈরি একনলা কাটা বন্দুকসহ বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাদেক (২৯), কামরুল (৩৯) ও হানিফ (৩৪)। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই পূর্বে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডে পৃথক সমাবেশ ডাকাকে কেন্দ্র করে দলটির স্থানীয় দুটি পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তা ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় প্রকাশ্য দিবালোকে কয়েকজনকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উঁচিয়ে মহড়া দিতে দেখা যায়। অস্ত্র প্রদর্শনের সেই দৃশ্য ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
ভিডিও ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে সাঁড়াশি অভিযানে নামে পুলিশ। প্রথমে তিনজনকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
এ সময় ১১টি ধারালো ছুরি, ৩টি কিরিচ, ১টি দা এবং ১৫টি লাঠি উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের দেখানো স্থান থেকে আরও একটি দেশীয় তৈরি একনলা কাটা বন্দুক জব্দ করে পুলিশ।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, অপরাধীর রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ অস্ত্রের প্রদর্শন কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে রয়েছে। ঘটনায় জড়িত বাকিদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

