:

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

top-news

চট্টগ্রামের জেলা পরিষদ ভবনে অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির লালদীঘি পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভল্ট থেকে বিভিন্ন গ্রাহকের আমানতের ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে।

১ হাজার টাকার বান্ডিলের ভেতরে ১০০ টাকা বা তার চেয়ে কম মূল্যমানের নোট ঢুকিয়ে ভেতরে টাকা না রেখে ভল্টের হিসাব মেলানো হতো। পরে এই অর্থ ব্যাংকের ক্যাশ ইনচার্জের অর্থায়নে অন্য এক সহযোগীর মাধ্যমে হাটহাজারীতে গরুর খামার গড়ে তুলে বিনিয়োগ করা হয়।

এ ঘটনায় ব্যাংকের জেনারেল ম্যানেজার মোস্তাক আহমেদ বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-২২, তারিখ-১০/০৮/২০২৬)।

মামলার পরিপ্রেক্ষিতে ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেন (৪১) এবং ব্যবসায়ী মো. জাফরুল্লাহ তানভীরকে (২৫) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে গত ২০২৫ সালের ১ জুন থেকে ২০২৬ সালের ৯ আগস্টের মধ্যে পরস্পর যোগসাজশে এ অর্থ স্থানান্তর ও আত্মসাৎ করা হয়েছে। আসামীদের কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং ৬৪ জিবি ধারণক্ষমতার একটি পেনড্রাইভ উদ্ধার করা হয়েছে।

তবে অন্যদিকে আসামি জাফরুল্লাহ তানভীরের পরিবারের দাবি, তানভীরকে কৌশলে ডেকে নিয়ে এ মামলায় ফাঁসান হয়েছে।

তার বাবা আজিম উল্লাহ জানান, তার ছেলে ব্যাংকের কর্মকর্তা বা গ্রাহক কোনটিই নন, তবে ক্যাশ ইনচার্জের সাথে তার ব্যবসায়িক লেনদেন ছিল।

ব্যাংকের অডিট বা অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এড়িয়ে কীভাবে এমন বিশাল অঙ্কের টাকা দীর্ঘ দিন ধরে আত্মসাৎ হলো, তা নিয়েও চট্টগ্রামের আইনজীবী ও সচেতন মহলে প্রশ্ন উঠেছে। বর্তমানে থানা পুলিশ ঘটনাটি অধিকতর তদন্ত করে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *