:

চট্টগ্রামে চাঁদা না পেয়ে প্রবাসী ব্যবসায়ীর ভবনে দুই যুবকের গুলি, এলাকায় আতঙ্ক

top-news

৫০ লাখ টাকা দাবিকৃত চাঁদা না পেয়ে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার ‘রুনা টাওয়ার’ নামের একটি আবাসিক ভবনের প্রধান ফটকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার রাত ১১টার দিকে বিদ্যুৎহীনতার সুযোগে এই হামলার ঘটনা ঘটে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে। ভবনটির মালিক চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগের কারাবন্দী নেতা আজিজুর রহমানের শ্বশুর মোহাম্মদ ইউসুফ।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ভবনমালিকের ছেলে শওকতের হোয়াটসঅ্যাপে একটি বিদেশি নম্বর থেকে হুমকি দিয়ে ভয়েস বার্তা পাঠানো হয়। বার্তায় পরিবারের সবার বিস্তারিত তথ্য তাদের কাছে থাকার কথা উল্লেখ করে ১ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা পরিশোধের দাবি জানানো হয়, অন্যথায় প্রাণে মেরে ফেলার হুমকি দেয় চাঁদা দাবিকারীরা।

পরবর্তীতে রাতে প্যান্ট-শার্ট পরা দুই তরুণ এসে ভবনের নিরাপত্তাকর্মীকে গেটের ভেতরে গিয়ে ফটক আটকে দিতে নির্দেশ দেয় এবং পরক্ষণেই ফটক লক্ষ্য করে পরপর দুটি গুলি ছুড়ে হেঁটে স্থান ত্যাগ করে।

হঠাৎ তীব্র শব্দে আশপাশের লোকজন ও পার্শ্ববর্তী দোকানদাররা ছুটে এলে হামলাকারীরা চম্পট দেয়। খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় সূত্রমতে, এর আগে গত জুন মাসে বাকলিয়া এলাকায় একটি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে ২ কোটি টাকা চাঁদার দাবিতে ভাঙচুরের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমন সম্প্রতি ভারতে পালানোর সময় যশোর থেকে গ্রেপ্তার হন এবং বর্তমানে রিমান্ডে রয়েছেন। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি রোধে আইনশৃ্ঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *