:

র‌্যাব-৭: আলোর পথের অভিযাত্রীদের’ মাঝে উপহার সামগ্রী বিতরণ

top-news

অপরাধের অন্ধকার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছে র‌্যাব-৭।


ঈদ-উল-আযহা উপলক্ষে মহেশখালী, কুতুবদিয়া ও বাঁশখালী এলাকার আত্মসমর্পণকারী ‘আলোর পথের অভিযাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।


আজ পতেঙ্গায় র‌্যাব-৭ কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে ২০১৮, ২০২০ এবং সর্বশেষ ২০২৪ সালে আত্মসমর্পণ করা মোট ১২৭ জন অভিযাত্রী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ হাফিজুর রহমান।


তিনি র‌্যাব ফোর্সেসের মহাপরিচালকের পক্ষ থেকে আত্মসমর্পণকারী ব্যক্তিদের হাতে ঈদ উপহার তুলে দেন।


আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সমাজে স্বাভাবিক জীবনে ফিরে আসা এসব ব্যক্তিকে উৎসাহিত করা এবং তাদের পুনর্বাসন কার্যক্রমকে আরও শক্তিশালী করা। মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা তাদের বর্তমান জীবনযাপন, বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন।


প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্ণেল হাফিজুর রহমান বলেন, র‌্যাব শুধু অপরাধ দমনেই নয়, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতেও কাজ করে যাচ্ছে। আত্মসমর্পণকারী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম সেই উদ্যোগেরই গুরুত্বপূর্ণ অংশ।


ঈদের আগে এই উপহার তাদের জীবনে আনন্দ ও নতুন আশার বার্তা বয়ে আনবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


সভায় আত্মসমর্পণকারী অভিযাত্রীরা জানান, আত্মসমর্পণের পর তারা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। অনেকেই বর্তমানে ব্যবসা, কৃষিকাজসহ বিভিন্ন পেশায় যুক্ত হয়ে জীবিকা নির্বাহ করছেন। তবে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের দাবিও জানান তারা। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *