চট্টগ্রাম-২: 'ধানের শীষ’ পাচ্ছেন সারোয়ার আলমগীর: ইসির সিদ্ধান্ত স্থগিত করল হাইকোর্ট
- ডেস্ক রিপোর্ট:
- 27 Jan, 2026
ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে দ্রুত প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রুলসহ এ আদেশ দেন।
উল্লেখ্য, রিটার্নিং কর্মকর্তা প্রথমে সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন। সেই আবেদনের ভিত্তিতে গত ১৮ জানুয়ারি ইসি সারোয়ারের মনোনয়নপত্র বাতিল করে।
ইসির এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গত ১৯ জানুয়ারি হাইকোর্টে রিট করেন এই বিএনপি নেতা। আজ আদালতের আদেশের ফলে তার নির্বাচনে লড়তে আর কোনো আইনগত বাধা থাকল না।
আদালতে সারোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও মো. রুহুল কুদ্দুস। অন্যদিকে জামায়াতের প্রার্থীর পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন এবং নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. রাজু মিয়া।
শুনানি শেষে আইনজীবী আহসানুল করিম সংবাদমাধ্যমকে জানান, “হাইকোর্ট ইসির সিদ্ধান্ত স্থগিত করেছেন এবং সারোয়ার আলমগীরকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছেন। তিনি এখন পুরোদমে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন।”
ইসির আইনজীবী মো. রাজু মিয়া জানিয়েছেন, আদালতের এই আদেশের বিষয়টি কমিশনকে দ্রুত অবহিত করা হবে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে কি না, সে বিষয়ে কমিশন পরবর্তীতে সিদ্ধান্ত নেবে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

