:

ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

top-news

রাজধানীতে সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন—লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ এবং লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে বনানী ডিওএইচএস এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ডিএমপির গোয়েন্দা বিভাগের পল্লবী জোনাল টিম তাঁদের গ্রেপ্তার করে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, ডিবি পুলিশের একজন পরিদর্শক বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা এবং তাঁদের সহযোগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী প্রচারণা, রাষ্ট্রবিরোধী ডিজিটাল কনটেন্ট তৈরি ও তহবিলের জোগান দিয়ে সহিংসতায় উসকানি দিয়ে আসছিলেন। ‘ইউনিটি কেয়ার পাবলিক পার্লামেন্ট’ নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদসহ পলাতক শীর্ষ নেতৃত্বের সঙ্গে সমন্বয় করে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন তাঁরা।

এছাড়া ‘কালআজকাল ডটকম’ নামের একটি পেজের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত এবং ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে টানা সরকারবিরোধী ও কুৎসামূলক প্রচারণার অভিযোগও এজাহারে উল্লেখ রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠনের অবৈধ অর্থায়ন, বিদেশি হ্যান্ডলারদের সঙ্গে যোগসাজশ এবং দেশে সংঘবদ্ধ নাশকতার ছক কষার বিষয়ে এই দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *