মানুষ সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সেবা পাচ্ছে না-চট্টগ্রামে জামায়াতের আমীর
- ডেস্ক রিপোর্ট:
- 05 Sep, 2026
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, মানুষ সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সেবা পাচ্ছে না। অথচ গ্যাস-বিদ্যুৎ না থাকলেও বিল দিতে হচ্ছে। তেল ও অন্যান্য জ্বালানি পেতেও মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের লালদীঘি ময়দানে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারেরর বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করে এসব কথা বলেন।
বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেন, এখন গ্যাস নেই, বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকলেও বিদ্যুতের বিল আছে।
গ্যাস না দিলেও গ্যাসের বিল আছে। তেল ও জ্বালানি পাওয়া যাচ্ছে না।
জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে। মানুষের দৈনন্দিন জীবন থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানায়ও এর প্রভাব পড়ছে। সরকারকে জনগণের এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
জ্বালানি সংকটের পাশাপাশি দেশে আইন শৃংখলার পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি নিয়েও সরকারের সমালোচনা করেন ।
তিনি বলেন, দেশে এখনো চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি। এসব কারণে দেশের মানুষের কষ্ট আরও বাড়ছে। চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও লুটপাট বন্ধ করতে হবে। জনগণের টাকা এভাবে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের হাতে যেতে দেওয়া যাবে না।
জামায়াত আমির বলেন, সাধারণ মানুষ কষ্টপাবে আর বিরোধী দল বসে বসে আঙুল চুষবে, এটা হবে না। জনগণের দাবি আদায়ে রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে। এই লংমার্চ শুধু কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয়। জনগণের প্রয়োজন ও দাবির ভিত্তিতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেল ও সারের সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ ছয় দফা দাবি তুলে ধরা হয়েছে।
এর আগে এদিন সকাল ৭টার দিকে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু হয়। পথে নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী, মিরসরাই ও সীতাকুণ্ডে পথসভা শেষে রাত সোয়া আটটায় লংমার্চ চট্টগ্রামের লালদীঘি ময়দানে পৌঁছে। সমাপনী সমাবেশে ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন।
জোটের ছয় দফা দাবির মধ্যে রয়েছে- গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন, তেল-গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট দূর করা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জনদুর্ভোগ রোধ, চাঁদাবাজি-সন্ত্রাস ও দুর্নীতি বন্ধ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রশাসনের দলীয়করণ ও অব্যবস্থাপনার অবসান এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করা।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

