:

ফতুল্লায় মাদ্রাসায় নৈশ অগ্নিকাণ্ড: বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

top-news

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড (শান্তিধারা) এলাকায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় সোমবার দিবাগত রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে সরাসরি কেউ দগ্ধ না হলেও ভবনে ছড়িয়ে পড়া বিষাক্ত ধোঁয়ায় অন্তত ৬৩ জন শিক্ষার্থী গুরুতর শ্বাসকষ্ট ও শ্বাসনালির সমস্যায় (ইনহেলেশন বার্ন) আক্রান্ত হয়েছেন। তাদের সবাইকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি শিক্ষার্থীদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে একজনকে মেকানিক্যাল ভেন্টিলেটর বা লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আইসিইউতে চিকিৎসাধীন তিনজনের পরিচয় পাওয়া গেছে; তারা হলেন ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।

ফায়ার সার্ভিস ও মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, সোমবার দিবাগত রাত প্রায় ২টার দিকে (১টা ৫৫ মিনিট) পাঁচতলা মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত প্রায় চার হাজার বর্গফুটের লাইব্রেরি ও অফিসকক্ষে আগুনের সূত্রপাত হয়। সে সময় কিতাব বিভাগের শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। লাইব্রেরির বিপুল পরিমাণ বইয়ে আগুন লাগায় মুহূর্তের মধ্যেই পুরো ভবনে ঘন ও বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় বিষাক্ত ধোঁয়া শ্বাসনালিতে প্রবেশ করায় শিক্ষার্থীরা দ্রুত অসুস্থ হয়ে পড়েন এবং ভবন থেকে বের হওয়ার চেষ্টায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।

সংবাদ পেয়ে কাঁচপুর ও শিবু মার্কেট ফায়ার স্টেশনের মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৪৪ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে স্থানীয় বাসিন্দা ও ফায়ার কর্মীদের সহায়তায় অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে জরুরি ভিত্তিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (জরুরি বিভাগ) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, আহতদের শরীরে বাহ্যিক কোনো পোড়ার চিহ্ন নেই, তবে ধোঁয়ার কারণে তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকদের একটি বিশেষ টিম আক্রান্তদের সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। যাদের আঘাত মৃদু, তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, আগুনের সঠিক কারণ তদন্তের পর সুনির্দিষ্টভাবে জানা যাবে। তবে প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা মশার কয়েল থেকে লাইব্রেরিতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *