জ্বালানি তেলের নিরাপত্তায় সাগরে নৌবাহিনী টহল জোরদার
- ডেস্ক রিপোর্ট:
- 12 Mar, 2026
বাংলাদেশের সমুদ্র সীমানায় থাকা জ্বালানি তেলবাহী জাহাজের নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। চট্টগ্রাম বন্দরের জলসীমানায় থাকা জ্বালানি তেলবাহী এসব জাহাজকে ঘিরে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা সাগরে এবং আকাশ পথে টহল দিচ্ছে। বৃহস্পতিবার নৌবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
নৌবাহিনী জানায়, আর্ন্তজাতিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দেশের সমুদ্রসীমায় অবস্থানরত জ্বালানিবাহী জাহাজগুলোর নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এলএনজি, এলপিজি, ক্রুড অয়েলসহ বিভিন্ন জ্বালানি বহনকারী জাহাজের নিরাপদ চলাচল ও নোঙর নিশ্চিত করতে সমুদ্রপথে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি।
নৌবাহিনী আরও জানানো হয়, বর্তমানে চট্টগ্রাম বন্দর জলসীমায় ১৩টি জ্বালানিবাহী জাহাজ রয়েছে। এর মধ্যে ৫টি থেকে জ্বালানি খালাস চলছে। আগামী দুইদিন আরও দু’টি জাহাজ ভীড়বে চট্টগ্রাম বন্দরে।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম সমুদ্রবন্দর সংলগ্ন এলাকা, গভীর সমুদ্র এবং জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌরুটগুলোতে যুদ্ধজাহাজ ও দ্রুতগামী বোট মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টারের মাধ্যমে আকাশ থেকেও নজরদারি চালানো হচ্ছে।
বানৌজা শহীদ দৌলত’র অধিনায়ক লে. কমান্ডার মীর কামরুল হাসান গণমাধ্যমকে বলেন, চট্টগ্রাম বন্দরের জলসীমানায় থাকা এসব জ্বালানি তেলবাহি জাহাকে নাশকতার সুনিদিষ্ট কোন তথ্য না থাকলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নৌবাহিনী বলছে, সম্ভাব্য নাশকতা, জলদস্যুতা বা চোরাচালান প্রতিরোধে সমুদ্র ও উপকূলীয় এলাকায় বিশেষ অপারেশনাল টিম প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়া নৌবাহিনী, বন্দর কর্তৃপক্ষ, কোস্টগার্ড ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর ফলে দেশের জ্বালানি তেল আমদানি ও পরিবহন ব্যবস্থার নিরাপত্তা আরও সুদৃঢ় হবে বলেও আশা প্রকাশ করা হয়।#
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

