:

উড়োজাহাজের বাড়তি ভাড়া: থ্যাংকসগিভিংয়ে সড়ক ও রেলপথে ভীড় বাড়ছে যাত্রীদের

top-news

রয়টার্স:  উড়োজাহাজের আকাশচুম্বী ভাড়া আর সাম্প্রতিক কারিগরি বিভ্রাটের আতঙ্কে এবারের থ্যাংকসগিভিং ছুটিতে ভ্রমণের পরিকল্পনা বদলে ফেলছেন লাখো মার্কিন নাগরিক। আকাশপথের ঝক্কি এড়াতে দীর্ঘ পথ পাড়ি দিতে অনেকেই এখন ব্যক্তিগত গাড়ি, বাস কিংবা ট্রেনকেই বেছে নিচ্ছেন।

উত্তর ক্যারোলাইনার বাসিন্দা ৫১ বছর বয়সী ডিনেস জ্যাকসন তার দুই সন্তানকে নিয়ে ডালাসে যাওয়ার জন্য বিমানের টিকিট খুঁজছিলেন। কিন্তু ভাড়া প্রায় ১ হাজার ৫০০ ডলার দেখে তিনি পিছিয়ে আসেন, যা আগের চেয়ে দ্বিগুণেরও বেশি। ভাড়া কমার অপেক্ষায় থাকলেও গত ১৩ নভেম্বর ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) কারিগরি ত্রুটির কারণে দেশজুড়ে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেন। বিমানের বদলে এখন তিনি ১৭ ঘণ্টা গাড়ি চালিয়ে গন্তব্যে যাওয়ার পরিকল্পনা করেছেন। জ্যাকসনের ভাষায়, ‘যারা বিমানে যাচ্ছেন, তাদের জন্য এবার চরম বিশৃঙ্খলা অপেক্ষা করছে বলেই আমার মনে হয়।’

গত ১৩ নভেম্বর এফএএ-এর রাউটার বিভ্রাটের কারণে এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। এতে প্রায় পাঁচ ঘণ্টা দেশজুড়ে বিমান চলাচল ব্যাহত হয় এবং ১৮ হাজারের বেশি ফ্লাইট ও প্রায় ১০ লাখ যাত্রী ভোগান্তিতে পড়েন। এর কয়েকদিন পরই ইউনাইটেড এয়ারলাইনসের প্রযুক্তিগত ত্রুটি এবং ডেল্টা এয়ারলাইনসের ওয়েট-অ্যান্ড-ব্যালেন্স সিস্টেম বিকল হয়ে পড়ায় আরও দুই হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়। পরপর এমন ঘটনায় ছুটির মৌসুমের ঠিক আগে আকাশপথের ভ্রমণের ওপর যাত্রীদের আস্থায় বড় ধরনের চিড় ধরেছে।

ভ্রমণ বিষয়ক সার্চ ইঞ্জিন কায়াকের তথ্যমতে, এবারের থ্যাংকসগিভিংয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রুটে গড় বিমান ভাড়া দাঁড়িয়েছে প্রায় ৪৬৯ ডলারে, যা গত বছরের তুলনায় ৫৭ শতাংশ বেশি। ট্রাভেল অ্যাপ হপার জানিয়েছে, ইরানে চলমান সংঘাতের জেরে কয়েক মাস ধরে জেট ফুয়েলের দাম চড়া থাকায় বিমান ভাড়া গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

ভাড়া বৃদ্ধি ও বিভ্রাটের কারণে এ বছর আকাশপথে যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমছে। এয়ারলাইনস ফর আমেরিকার পূর্বাভাস অনুযায়ী, ২০ থেকে ৩০ নভেম্বরের মধ্যে প্রায় ২ কোটি ৯০ লাখ যাত্রী বিমানে ভ্রমণ করবেন, যা গত বছর ছিল ৩ কোটি ১০ লাখের বেশি। পরিবহন নিরাপত্তা প্রশাসন (টিএসএ) জানিয়েছে, ২০২৫ সালে আট দিন দৈনিক ৩০ লাখের বেশি যাত্রী পারাপার হলেও চলতি বছরে এখন পর্যন্ত একদিনও তা স্পর্শ করেনি। এবারের ছুটিতে গত বছরের তুলনায় প্রায় ৩ শতাংশ কম যাত্রী আশা করছে সংস্থাটি।

আকাশপথের অনিশ্চয়তায় অনেক শিক্ষার্থীও বিকল্প পথ বেছে নিচ্ছেন। নিউ জার্সির বাসিন্দা জেনিফার শ জানান, মিশিগানে পড়ুয়া তার ছেলে আগে থেকে কাটা অফেরতযোগ্য বিমানের টিকিট বাতিল করে বন্ধুদের সাথে ১০ ঘণ্টা গাড়ি চালিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। জেনিফার বলেন, ‘ছেলে ১০ ঘণ্টা গাড়ি চালাবে ভেবে কিছুটা দুশ্চিন্তা হলেও অন্তত এয়ারলাইনসগুলোর ভোগান্তি নিয়ে ভাবতে হচ্ছে না।’

এদিকে, রাউটার বিভ্রাটের মূল কারণ উদ্‌ঘাটনের খুব কাছাকাছি পৌঁছানোর দাবি করলেও কবে নাগাদ তা প্রকাশ করা হবে, সে বিষয়ে কিছু জানায়নি এফএএ।

তবে গত ১৭ নভেম্বর থেকে সংস্থাটি নতুন রাউটার স্থাপনের কাজ সাময়িকভাবে স্থগিত রেখেছে। এছাড়া চলতি সপ্তাহে বৈরী আবহাওয়ার কারণেও ফ্লাইট চলাচল ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) হিসাব অনুযায়ী, এবারের থ্যাংকসগিভিংয়ে ছয় দিনে অন্তত ৫০ মাইল বা তার বেশি দূরত্ব ভ্রমণ করবেন প্রায় ৮ কোটি ১৫ লাখ মার্কিন নাগরিক, যা গত বছরের (৮ কোটি ১৬ লাখ) প্রায় সমান। তবে আকাশপথ ছেড়ে মানুষ ঝুঁকছেন বাস, ট্রেন ও ক্রুজ ভ্রমণের দিকে।

বাস ও ভ্রমণ বিষয়ক সার্চ ইঞ্জিন ওয়ান্ডারু জানিয়েছে, বিমান চলাচল বন্ধ হওয়ার দিনটিতে তাদের বছরের সর্বোচ্চ বুকিং হয়েছে, যা গত বছরের তুলনায় ১৬ শতাংশ বেশি। বাস অপারেটর ফ্লিক্স নর্থ আমেরিকার বুকিংও বেড়েছে ১৭ শতাংশ। অন্যদিকে, গত বছরের ১২ লাখ যাত্রীর রেকর্ড ভেঙে এবার থ্যাংকসগিভিংয়ে আরও বেশি যাত্রী পরিবহনের প্রত্যাশা করছে রেলসেবা সংস্থা অ্যামট্রাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *