শনিবার বিগ্রেডে পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ
- ডেস্ক রিপোর্ট:
- 08 May, 2026
কলকাতায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার বেলা ১১টার পর তাঁর বিমান নামে কলকাতা বিমানবন্দরে। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী-সহ রাজ্য বিজেপি নেতৃত্বের অনেকে। সেখান থেকে তিনি সোজা চলে যান দক্ষিণেশ্বরে। মন্দিরে পুজো দিয়ে তিনি যাবেন নিউ টাউনের হোটেলে।
দুপুরে বিশ্ব বাংলা কনভেশন সেন্টারে বিজেপির জয়ী প্রার্থী তথা হবু বিধায়কদের নিয়ে বৈঠক করেন তিনি।
আনন্দবাজার পত্রিকা জানায়, শনিবার যাবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেখানেই শপথে নেবেন পশ্চিম বঙ্গ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী।
বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার কাজে পর্যবেক্ষক করা হয়েছে শাহকে। সেই কাজে তাঁর সহকারী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে।
যে কোনও রাজ্যে নির্বাচনের পরে পরিষদীয় দলনেতা বাছাই করার সময় সেই রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাঠান বিজেপি নেতৃত্ব। তাঁরা দলের নবনির্বাচিত প্রার্থীদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকেই পরিষদীয় দলনেতার নাম ঘোষণা হয়ে যায়। এটি বিজেপির পরিষদীয় রীতি।
আনন্দবাজার পত্রিকা আরো জানায়, এ বার বিধানসভার অন্দরে বিজেপির ভূমিকা বদলাতে চলেছে। বিজেপি এখন বিধানসভায় সরকারপক্ষের ভূমিকায় থাকবে। সে ক্ষেত্রে নতুন মুখ্যমন্ত্রীই হবেন বিধানসভায় শাসকদলের পরিষদীয় দলনেতা। অর্থাৎ, এ বারের বৈঠকে শুধু পরিষদীয় দলনেতা নন, একই সঙ্গে স্থির হয়ে যাবে নতুন মুখ্যমন্ত্রীর নাম।
এদিকে, পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ আগামীকাল শনিবার আয়োজনের প্রস্তুিত চলেছ। শনিবার সকাল ১০টায় কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এ শপথ হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী ২৫ বৈশাখ সামনে রেখে এবারের বিধানসভা নির্বাচনে জয়ী বিজেপি এই দিন নির্ধারণ করেছে। অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশেষ মঞ্চ নির্মাণ ও সাজসজ্জার কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির কেন্দ্রীয় নেতারা এবং দেশের ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে। কলকাতা ও দেশের বিশিষ্ট ব্যক্তিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
শপথ অনুষ্ঠানের দিনক্ষণ ঘোষণা হলেও পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বিজেপি। রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দলীয় সূত্রে ইঙ্গিত মিলছে, মুখ্যমন্ত্রী পদে তিনিই সবচেয়ে এগিয়ে।
বিজেপি নেতৃত্ব রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণানের কাছে সরকার গঠনের দাবি জানাতে রাজভবনে যেতে পারেন বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে।
মুখ্যমন্ত্রী পদ নিয়ে যাঁর নাম বেশি উচ্চারিত হচ্ছে সেই শুভেন্দু অধিকারী এবারের নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই আসনেই জয় পেয়েছেন। রাজনৈতিক প্রচারে তাঁকে বিজেপির ‘লড়াকু মুখ’ হিসেবে তুলে ধরা হয়েছে।
নির্বাচনী প্রচারে একাধিকবার অমিত শাহ বলেছিলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন ‘একজন বাঙালি ও ভূমিপুত্র’। সেই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে শুভেন্দু অধিকারীর নাম আরও জোরালোভাবে উচ্চারিত হচ্ছে।
এবারের অনুষ্ঠানের আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে, দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের একসঙ্গে উপস্থিতি। নির্বাচনী প্রচারের সময়ও উত্তর প্রদেশ, আসামসহ বিভিন্ন রাজ্যের বিজেপি নেতারা পশ্চিমবঙ্গে প্রচারে এসেছিলেন। সেই ধারাবাহিকতায় শপথ গ্রহণ অনুষ্ঠানকে জাতীয় রাজনৈতিক গুরুত্বের একটি আয়োজন হিসেবে দেখছে রাজনৈতিক মহল।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

