আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা
- ডেস্ক রিপোর্ট:
- 25 Feb, 2026
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়ে আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। বুধবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির হালনাগাদ করা তালিকায় দেখা গেছে এই পরিবর্তন।
গত সপ্তাহে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ এবং মুম্বাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রাজার ২৭ রানের ইনিংস জিম্বাবুয়েকে বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করতে বড় ভূমিকা রাখে। এই পারফরম্যান্সের সুবাদে পাকিস্তানের সাইম আইয়ুবকে হটিয়ে আবারও সিংহাসন দখল করলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
সাম্প্রতিক সময়ে রাজা ও আইয়ুবের মধ্যে শীর্ষস্থান নিয়ে লড়াই চললেও এখন তাঁদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ভারতের শিবম দুবে ও আফগানিস্তানের মোহাম্মদ নবী। দুবে দুই ধাপ এগিয়ে সপ্তম এবং নবী তিন ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছেন।
ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অভিষেক শর্মা। বিশ্বকাপে শুরুটা প্রত্যাশানুযায়ী না হলেও ইংল্যান্ডের ফিল সল্টের চেয়ে ৬২ রেটিং পয়েন্টে এগিয়ে আছেন তিনি। তবে নজর কেড়েছেন পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে দুই ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা রেটিং নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি।
শীর্ষ দশে উন্নতি হয়েছে ভারতের ইশান কিশান (পঞ্চম) ও দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিসের (নবম)। এছাড়া বড় লাফ দিয়েছেন আফগান ব্যাটার ইব্রাহিম জাদরান (১৩তম), ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ (১৪তম) ও ইংলিশ দলপতি হ্যারি ব্রুক (১৮তম)।
বোলারদের র্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে খরুচে বোলিং করলেও শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী। তবে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার করবিন বোশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন উইকেট এবং ভারতের বিপক্ষে ১২ রানে ২ উইকেট নিয়ে ২১ ধাপ এগিয়ে সোজা তিন নম্বরে উঠে এসেছেন তিনি।
ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ সাত ধাপ এগিয়ে এখন আটে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ম্যাথিউ ফোর্ড ২৩ ধাপ এগিয়ে সপ্তম স্থানে জায়গা করে নিয়েছেন। বড় উন্নতি হয়েছে মার্কো জানসেন, গুদাকেশ মোতি ও লিয়াম ডসনেরও।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

