পুরুষদের ম্যাচ পরিচালনায় থাকবেন জেসি: এশিয়া কাপে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ডাচরা
- ডেস্ক রিপোর্ট:
- 21 Aug, 2025
বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ পরিচালনায় থাকবেন সাথিরা জাকির জেসি। ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আম্পায়ার্স প্যানেলে আছেন তিনি।
বুধবার ম্যাচ অফিসিয়ালদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আম্পায়ার হিসেবে বাংলাদেশের নারী ক্রিকেটে অনেক 'প্রথম' এসেছে সাবেক ক্রিকেটার জেসির কল্যাণে। এবার আরেকটি গৌরবময় অর্জনের মালিক হওয়ার দ্বারপ্রান্তে আছেন তিনি।
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের আম্পায়ার্স প্যানেলে আছেন মোট চারজন। জেসি অবশ্য মূল আম্পায়ারের দায়িত্ব পালন করবেন না। সিরিজের প্রথম ও শেষ টি-টোয়েন্টিতে চতুর্থ আম্পায়ার এবং দ্বিতীয় টি-টোয়েন্টিতে তৃতীয় আম্পায়ার বা টিভি আম্পায়ার হিসেবে থাকবেন তিনি।
প্রথম ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল। দ্বিতীয় ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল ও তানভীর। চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মোর্শেদ। শেষ ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন মুকুল ও মোর্শেদ। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তানভীর।
গত বছর আইসিসি ডেভেলপমেন্ট প্যানেলের আম্পায়ার হিসেবে তালিকাভুক্ত হন জেসি। এরপর নারী এশিয়া কাপ, অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেন তিনি। সবকিছু ঠিক থাকলে শিগগিরই মূল বিশ্বকাপে আম্পায়ারিং করতে দেখা যাবে তাকে। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু আগামী ৩০ আগস্ট। একই ভেন্যুতে বাকি দুটি ম্যাচ গড়াবে ১ ও ৩ সেপ্টেম্বর। সবগুলো খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়
এশিয়া কাপে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ডাচরা
এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেজন্য বুধবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ডাচরা।
সফরকারীদের যথারীতি নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার স্কট এডওয়ার্ডস। তবে দল ঘোষণায় রয়েছে চমক। দুই অলরাউন্ডার বাস ডি লিডি ও রুলফ ফন ডার মারওয়া এবং ওপেনার মাইকেল লেভিটকে রাখা হয়নি। ফলে নেদারল্যান্ডসের শক্তি বেশ কমে গেছে।
তিন ম্যাচের সিরিজ খেলতে আগামী ২৬ আগস্ট বাংলাদেশে আসবে ডাচরা। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ৩০ আগস্ট মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। পরের দুটি ম্যাচ যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। প্রতিটি খেলা শুরু হবে সন্ধ্যা ছয়টায়।
দুই দলের মধ্যে স্রেফ দ্বিতীয় দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ এটি। সবশেষ ২০১২ সালে নেদারল্যান্ডসের মাটিতে দুই দল দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল। সিরিজটি শেষ হয়েছিল ১-১ ব্যবধানে সমতায়।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত মোট পাঁচবার মুখোমুখি হয়েছে দুই দল। বাংলাদেশের চারটি জয়ের বিপরীতে ডাচদের জয় স্রেফ একটি।
আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে হবে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ। বাংলাদেশ রয়েছে 'বি' গ্রুপে। তাদের তিন প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
নেদারল্যান্ডসের স্কোয়াড:
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও'ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল নিদামানুরু, নোয়াহ ক্রোস, সাকিব জুলফিকার, রায়ান ক্লেইন, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শারিজ আহমাদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গল ও ফ্রেড ক্লাসেন।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

