বাজার করে ফিরে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখলেন স্বামী, কলেজশিক্ষকের মৃত্যুতে অপমৃত্যুর মামলা
- ডেস্ক রিপোর্ট:
- 24 Nov, 2026
চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশী এলাকায় নিজ বাসা থেকে এক কলেজশিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ছন্দা শর্মা কান্তা (৩৭) নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং ৩৫তম বিসিএসের শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ছিলেন।
সোমবার (২৩ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেলে এ ঘটনায় খুলশী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
স্বামী মলয় কান্তি শর্মা ও মামলার নথি সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ছয়টার দিকে অফিস থেকে ফেরার পথে ছন্দা শর্মা তাঁকে বাসার জন্য বাজার করে আনতে বলেন। মলয় একটি বেসরকারি ব্যাংকের নির্বাহী কর্মকর্তা। বাজার সেরে রাত আটটার দিকে তিনি দক্ষিণ খুলশীর জাকির হোসেন বাই লেনের চৌধুরী ভিলার তৃতীয় তলার ফ্ল্যাটে ফেরেন। দরজায় দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া পাননি। পরে ভবনের ব্যবস্থাপক ও এক মিস্ত্রির সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি।
ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে খুলশী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। রাত সাড়ে আটটার দিকে এক স্বজনের মাধ্যমে খবর পেয়ে ছন্দার বড় ভাই মনোজ শর্মা ছোট ভাই রাজেশ শর্মাকে নিয়ে দ্রুত বোনের বাসায় যান।
খুলশী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম জানান, ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছন্দা শর্মাকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় সিএনজিচালিত অটোরিকশায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর দিবাগত রাত ১টা ৫২ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার বেলা তিনটার দিকে ছন্দার বড় ভাই মনোজ শর্মা খুলশী থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। লিখিত বক্তব্যে তিনি জানান, বোনের মৃত্যুর ঘটনায় কারও প্রতি পরিবারের সদস্যদের কোনো অভিযোগ বা সন্দেহ নেই।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৩ সালে মলয় কান্তি শর্মা ও ছন্দা শর্মার বিয়ে হয়; তাঁদের কোনো সন্তান নেই। ছন্দার বাবার নাম মৃত হরেরাম শর্মা ও মায়ের নাম মঞ্জুশ্রী শর্মা। তাঁদের গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মধ্য কাঞ্চনার শর্মাপাড়ায়।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

