কর্ণফুলী নদীতে মাছ ধরার জাহাজে বিস্ফোরণ
- ডেস্ক রিপোর্ট:
- 30 Jun, 2026
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা এফভি ‘দেশ ফিশিং’ নামে একটি মাছ ধরার জাহাজে ইঞ্জিন রুমে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাজে কর্মরত ছয়জন নাবিক দগ্ধ হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরের দিকে সদরঘাট থানাধীন সাম্পানঘাট এলাকার মুরিংয়ে এ ঘটনা ঘটে। পরে অন্য জাহাজের লোকজন পানি মেরে আগুন নিয়ন্ত্রনে আনে।
আগুনে দগ্ধরা হলেন— জাহাজের ইঞ্জিন কক্ষে দায়িত্বরত ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম, গ্রিজার রুবেল, ডেকে দায়িত্বরত শাহ আলম, উইঞ্চ অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল এবং নাবিক ছিদ্দিক আহমেদ।
চট্টগ্রাম নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, সমুদ্র থেকে মাছ আহরণ শেষে জাহাজটি কর্ণফুলী নদীর সদরঘাট থানাধীন সাম্পানঘাট এলাকার মুরিংয়ে নোঙর করা হয়। দুপুর পৌনে ১টার দিকে জাহাজটির ইঞ্জিন রুমে বিকট শব্দের পর বিস্ফোরণ ঘটে। পরে সেখানে আগুন ছড়িয়ে পড়লে জাহাজে থাকা ছয়জন দগ্ধ হন।
খবর পেয়ে দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।
এ ঘটনায় মঙ্গলবার বিকেলে এফভি ‘দেশ ফিশিং’ জাহাজের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

