পোশাক খাতে পরিচালকের বেতন ৩ লাখ, শ্রমিক পান ২০ হাজার
- ডেস্ক রিপোর্ট:
- 25 Nov, 2026
দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে মালিক ও পরিচালকদের গড় মাসিক বেতন যেখানে ৩ লাখ টাকার ওপরে, সেখানে সাধারণ শ্রমিকদের গড় মজুরি মাত্র ২০ হাজার ৯০৬ টাকা। এছাড়া শিল্পকারখানাগুলোতে পুরুষ শ্রমিকদের তুলনায় নারী শ্রমিকরা মাসে গড়ে ২১ শতাংশ বা ৫ হাজার টাকারও বেশি কম মজুরি পাচ্ছেন।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ উদ্যোগে পরিচালিত এক জরিপে শিল্প খাতের এই বৈষম্য ও সংকটের চিত্র উঠে এসেছে।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিআইডিএসের সম্মেলন কক্ষে ‘বিআইডিএস-বিসিআই ইভালুয়েট ১০০ সূচক’ শীর্ষক এ জরিপের ফলাফল প্রকাশ করা হয়।
চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে দেশের ১৪টি শিল্প খাতের ১৩০টি মাঝারি ও বড় কারখানার তথ্যের ভিত্তিতে এই জরিপ চালানো হয়েছে। বিআইডিএসের গবেষণা পরিচালক কাজী ইকবালের পরিচালনায় জরিপটিতে সরাসরি শ্রমিকদের সাক্ষাৎকার না নিয়ে কারখানা ব্যবস্থাপকদের (ম্যানেজার) দেওয়া গড় হিসাব বিশ্লেষণ করা হয়েছে।
জরিপের তথ্যমতে, তৈরি পোশাক খাতে মালিক ও পরিচালকদের গড় মাসিক বেতন ৩ লাখ ১১ হাজার ৬৩৬ টাকা, যা অন্যান্য শিল্প খাতে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা। ব্যবস্থাপকদের ক্ষেত্রেও পোশাক খাত এগিয়ে—তাদের গড় বেতন ৮৪ হাজার ৪১৮ টাকা, যেখানে অন্যান্য শিল্পে তা ৬৪ হাজার ২৬৮ টাকা।
অন্যদিকে, পোশাক খাতে প্রাথমিক স্তরের বা ‘এন্ট্রি লেভেলের’ একজন শ্রমিকের গড় মজুরি ১৬ হাজার ৬৫৪ টাকা এবং মেশিন অপারেটর ও কারিগরদের গড় মজুরি ১৯ হাজার ৪৬৯ টাকা। সামগ্রিকভাবে মাঝারি ও বড় শিল্পকারখানায় সব কর্মীর গড় মাসিক মজুরি ২১ হাজার ২৬৩ টাকা হলেও পোশাক খাতে তা ২০ হাজার ৯০৬ টাকা। তবে বোনাস ও অন্যান্য ভাতা বাদ দিয়ে কেবল মূল বেতন ও সম্মানীকে এ হিসাবে ধরা হয়েছে।
শিল্পকারখানাগুলোতে নারী-পুরুষের মজুরিবৈষম্যও স্পষ্টভাবে ফুটে উঠেছে জরিপে। এতে দেখা যায়, পুরুষ শ্রমিকদের গড় মজুরি যেখানে ২৩ হাজার ৮৬১ টাকা, সেখানে নারী শ্রমিকরা পান ১৮ হাজার ৮২০ টাকা। অর্থাৎ নারীরা মাসে গড়ে ৫ হাজার ৪১ টাকা কম পান। তৈরি পোশাক কারখানায় নারীদের গড় মজুরি ১৮ হাজার ৯৯৩ টাকা এবং পুরুষদের ২৩ হাজার ৫৭৬ টাকা। তবে পোশাক খাতের বাইরের অন্যান্য শিল্পে এ বৈষম্য আরও প্রকট—সেখানে নারী ও পুরুষের মজুরির ব্যবধান ৭ হাজার ৮৮৩ টাকা।
মজুরিবৈষম্যের পাশাপাশি জ্বালানি সংকট ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে দেশের শিল্প খাত বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সংকটের জেরে গত এপ্রিল ও জুনে দেশে তেল ও বিদ্যুতের দাম বাড়ানো হয়।
জরিপের তথ্য বলছে, এপ্রিল-জুন প্রান্তিকে প্রতিদিন গড়ে ৪ দশমিক ১ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট এবং ৩ দশমিক ২ ঘণ্টা গ্যাস বিভ্রাট হয়েছে। ৭৯ শতাংশ কারখানা কর্তৃপক্ষ বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে উৎপাদনের প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছে।
এছাড়া ৯৪ শতাংশ কারখানায় কাঁচামালের দাম বেড়েছে। জ্বালানি খরচ ৫ শতাংশ ও পরিবহন খরচ বেড়েছে ১০ শতাংশ। ফলে কারখানাগুলোর গড় উৎপাদন সক্ষমতার ব্যবহার ৬৭ শতাংশ থেকে কমে ৬৬ শতাংশে নেমেছে। বিশেষ করে বস্ত্রশিল্পে উৎপাদন কমেছে ২০ শতাংশ, যদিও তৈরি পোশাক খাতে উৎপাদন ২ শতাংশ বেড়েছে।
সংকটের প্রভাবে কর্মসংস্থানেও নেতিবাচক ধারা দেখা গেছে। কারখানাগুলোতে নতুন বিনিয়োগ ও নিয়োগ স্থবির হয়ে পড়ায় মোট শ্রমিক সংখ্যা ১ শতাংশ কমেছে। তবে আগামী তিন মাসে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশা করছেন উদ্যোক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, “বর্তমান পরিস্থিতিতে শুধু নীতির কথা শুনতে মানুষের ভালো লাগে না, সবাই বাস্তবতার পরিবর্তন দেখতে চায়। সরকার দায়িত্ব নেওয়ার সময় একটি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও দুর্বল প্রতিষ্ঠান পেয়েছে। এর সঙ্গে বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি যুক্ত হওয়ায় জ্বালানি ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে।”
বিআইডিএসের মহাপরিচালক এ কে এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

