:

শৃঙ্খলায় ফিরছে ব্যাটারিচালিত রিকশা: ১৩ সিটিতে নিবন্ধন শুরু, ঢাকায় থাকছে ৮টি জোন

top-news

দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় আজ সোমবার থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশার আনুষ্ঠানিক নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে চলা এসব যানকে আইনি কাঠামোর আওতায় আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন বিধিমালা অনুযায়ী, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ৮ হাজার ও চার যাত্রীর ক্ষেত্রে তা ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা নির্দিষ্ট ফি দিয়ে নবায়নযোগ্য। এছাড়া কিউআর কোডযুক্ত ফিটনেস সনদের জন্য অতিরিক্ত এক হাজার টাকা দিতে হবে এবং একটি অনুমোদিত ই-রিকশা সর্বোচ্চ ১২ বছর রাস্তায় চলাচলের সুযোগ পাবে।

যানজট নিরসন ও সুশৃঙ্খল চলাচলের জন্য রাজধানী ঢাকায় দুই সিটি করপোরেশনের অধীনে আটটি আলাদা রঙের জোন তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে নির্দিষ্ট রঙের রিকশা শুধু নিজ জোনেই চলাচল করতে পারবে, অন্য জোনে প্রবেশ করতে পারবে না।

বুয়েট, ট্রাফিক পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত সাত সদস্যের একটি কমিটি এসব গাড়ির অনুমোদিত নকশা ও উৎপাদন তদারকি করবে।

সরকার চালকদের আশ্বস্ত করেছে যে এখনই কোনো রিকশা উচ্ছেদ বা লাইসেন্স বাধ্যতামূলক করা হচ্ছে না। বরং ধাপে ধাপে নিবন্ধন প্রক্রিয়া শেষ করে কিলোমিটারপ্রতি নির্দিষ্ট ভাড়া নির্ধারণ এবং সৌরবিদ্যুৎচালিত বৈধ চার্জিং পয়েন্ট স্থাপনের মাধ্যমে পুরো ব্যবস্থাকে একটি নিরাপদ রূপ দেওয়া হবে।

তবে নিবন্ধন ছাড়া গাড়ি চালানো, অতিরিক্ত যাত্রী বহন, অননুমোদিত ব্যাটারি ব্যবহার বা ট্রাফিক আইন অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *