:

তাহসিফ সাউরি হত্যা মামলা: সিসিটিভির রহস্যময়ী তরুণী তাসনিম দিশা ৪ দিনের রিমান্ডে

top-news

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলার তদন্তে এবার চাঞ্চল্যকর মোড় নিয়েছে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে জেরিকা তাসনিম দিশা (১৯) নামের এক তরুণীকে গ্রেপ্তারের পর চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শনিবার দিবাগত রাতে রাজধানীর কাফরুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের দাবি, নিখোঁজ হওয়ার রাতে এই তরুণীর সঙ্গেই সময় কাটিয়েছিলেন তাহসিফ। রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়েই তুরাগ পাড়ের সেই রাতের অজানা রহস্যের জট খুলবে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর রাতে নিখোঁজ হওয়ার আগে উত্তরার 'নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্ট' এবং 'সিপি ফাইভ স্টার স্নায়াকস'-এ দিশার সঙ্গে খাবার খেয়েছিলেন তাহসিফ। এমনকি দুজন একসঙ্গে একটি মোটরসাইকেল গ্যারেজেও গিয়েছিলেন। মুঠোফোনের কললিস্টেও তাদের একাধিকবার কথা বলার প্রমাণ মিলেছে।

এর আগে, গত শনিবার এই হত্যা মামলায় তাহসিফের ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকেও (২৩) জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। তদন্তকারীদের ধারণা, দীপ ও দিশার বক্তব্য মিলিয়ে দেখলেই তাহসিফের মৃত্যুর আসল কারণ বেরিয়ে আসবে।

ঘটনার সূত্রপাত গত ২৭ অক্টোবর সন্ধ্যায়। সারাদিন মায়ের সঙ্গে কেনাকাটা করে হাসিখুশি থাকা তাহসিফকে সন্ধ্যার পর বাসার নিচে ডেকে নেন দীপ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে নিজের মোটরসাইকেল নিয়ে দীপের সঙ্গেই বেরিয়ে যান তিনি। রাত ১টা ৩৫ মিনিটে মাকে এক ভয়েস মেসেজে জানান, ‘আমি আসতেছি’। কিন্তু এরপর আর তিনি ফেরেননি। পিবিআইয়ের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ এক অদ্ভুত দাবি করেছিলেন। তার ভাষ্যমতে, টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় কিছু লোক তাদের ধাওয়া দিলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন এবং দীপ নিজে সেখান থেকে পালিয়ে আসেন।

পরদিন ২৮ অক্টোবর বিকেলে টঙ্গীর রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদ থেকে তাহসিফের নিথর দেহ উদ্ধার করে নৌ পুলিশ। তার পরনে প্যান্ট-শার্ট, হাতে ঘড়ি ও পকেটে আইফোন থাকলেও সঙ্গে থাকা মোটরসাইকেলটির কোনো হদিস আজও মেলেনি। ২৮ বছর বয়সী অবিবাহিত এই তরুণের মৃত্যু কোনোভাবেই দুর্ঘটনা বা আত্মহত্যা হতে পারে না বলে দাবি তার পরিবারের।

এ ঘটনায় শুক্রবার রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে উত্তরখান থানায় হত্যা মামলা দায়ের করেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম। এখন কেবল ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন এবং রিমান্ডে থাকা দুই আসামির স্বীকারোক্তির অপেক্ষাতেই রয়েছেন শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *