২ কোটি দিলে সব সই করে দেব’—ঘুষের ভিডিও ভাইরালের পর পিডিবির সেই প্রকৌশলী বরখাস্ত
- ডেস্ক রিপোর্ট:
- 28 Sep, 2026
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুস লেনদেনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর লক্ষ্মীপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ সোমবার পিডিবির তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউসার আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
গত রোববার রাতে ৮ মিনিট ৫০ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা নিয়ে মুহূর্তেই তীব্র সমালোচনা শুরু হয়।
ভিডিওটিতে নুরুল আমিনকে সামনে বসে থাকা এক ব্যক্তির কাছে প্রকাশ্যে ঘুস দাবি করতে শোনা যায়। তিনি বলেন, ‘৫ কোটি টাকা থেকে আমাকে ২ কোটি টাকা দেন, আমি সব সই করে দেব।’ কাজের ব্যয় ও মালামাল আত্মসাৎ নিয়ে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, ‘সোজা হিসাব, ৩ লাখ টাকার ওয়ার্কে মালামাল লাগে ৩০ লাখ টাকা। হিসাব করে দেখা যাবে ৫ কোটি টাকার মাল সে আত্মসাৎ করেছে।
৫ কোটি টাকা থেকে আমাকে ২ কোটি টাকা দেন, আমি সব সই করে দেব।’ এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দোহাই দিয়ে তিনি বলেন, ‘এসি স্যার রাজি হয়ে গেছে কোনো একটা কারণে, আমি দুই কোটি টাকা থেকে নড়ব না। একটা বিলের জন্য যদি ২ কোটি টাকা নিই, তাহলে চেয়ারম্যান কি আমার বিরুদ্ধে যাবে? আমাকে জায়গামতো পোস্টিং দেবে।’
এছাড়া ওই ভিডিওর শেষাংশে আরও এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা লেনদেনের একটি কথোপকথনও শোনা যায়।
এই ঘটনার জেরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (কর্মচারী) চাকরি বিধিমালা ১৯৮২–এর ১৪১ (১) বিধির অধীনে নুরুল আমিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
পিডিবির কুমিল্লা বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী শেখ ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বরখাস্তের অফিস আদেশটি তাঁরা হাতে পেয়েছেন। পুরো বিষয়টি তদন্তের জন্য কমিটি গঠন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় পিডিবি ঠিকাদাররা জানিয়েছেন, নুরুল আমিন দীর্ঘদিন ধরেই বিভিন্ন কাজের বিল অনুমোদন ও অর্থ ছাড়ের জন্য ঘুস দাবি করে আসছিলেন। ঘুস না দিলে তিনি দিনের পর দিন বিল আটকে রাখতেন এবং প্রশাসনিক নানা জটিলতায় ফেলতেন।
ভাইরাল হওয়া এই ভিডিও ও অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত প্রকৌশলী নুরুল আমিনের মুঠোফোনে একাধিকবার কল ও হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়া হলেও তিনি কোনো সাড়া দেননি। এমনকি ঘটনার পরদিন সোমবার সকাল থেকেই তিনি নিজ কার্যালয়েও অনুপস্থিত রয়েছেন।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

