যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করবে তাদের বিরুদ্ধ কঠোর ব্যবস্থা নেয়া হবে-অর্থ মন্ত্রী আমীর খসরু
- ডেস্ক রিপোর্ট:
- 24 Apr, 2026
যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করবে তারা যেই হউক তাদের বিরুদ্ধ কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ার করে দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। যারা অস্থিতিশীলত সৃষ্টি করতে চায় তাদের কাউকেই ছাড় দেওয়া হবেনা।
শুক্রবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সরকার শান্তিপূর্ণভাবে দেশকে এগিয়ে নিতে চায়। কিন্তু দেশে অস্থিতিশীলতা তৈরী করে কেউ দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে চাইলে কাউকেই ছাড় দেওয়া হবেনা।
তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনে দলীয় করণের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থান ব্যাখা করে বলেন, বিশ্ববিদ্যালয়ে যাতে বহিরাগতরা ঢুকতে না পারে সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর হতে হবে।
এসময় অর্থমন্ত্রী আরো বলেন, জ্বালানি সমস্যা কেবল বাংলাদেশের নয়, এটি বৈশ্বিক সমস্যা। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে অনেক দেরিতে জ্বালানির দাম বাড়ানো হয়েছে। সরকারকে যেহেতু উচ্চমূল্যে জ্বালানি কিনতে হচ্ছে তাই সামান্য এই দাম বাড়ানো ছাড়া উপায় ছিলোনা বলেও জানান মন্ত্রী। বলেন, সংকট মোকাবেলায় সরকার বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে। জ্বালানির অভাবে বিভিন্ন দেশে কলকারখানা বন্ধ হয়েছে, কারফিউ জারি হয়েছে উল্লেখ করে বাংলাদেশে এই অবস্থা হবেনা বলেও আশ্বস্ত করেন মন্ত্রী।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দীন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, মূখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আল ফোরকানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।#
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

