:

১৮ মাস পর ফের চালু হলো ঢাকা-আগরতলা-কলকাতা বাস সার্ভিস

top-news

দেড় বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর আবারও চালু হলো ঢাকা-আগরতলা-কলকাতা সরাসরি আন্তর্জাতিক বাস সেবা।  ‘রয়াল মৈত্রী’ পরিবহনের একটি বাস পরীক্ষামূলকভাবে ঢাকার কমলাপুর বাস ডিপো থেকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতের ত্রিপুরার আগরতলায় প্রবেশ করে।

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং ভিসা জটিলতার কারণে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এই সেবাটি এতদিন বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর দুই দেশ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে পরীক্ষামূলকভাবে আবার এই রুটটি চালু করলো।

ঢাকা-আগরতলা-কলকাতা বাস সার্ভিসের জেনারেল ম্যানেজার ওয়ারিশ আলম ডিএস জানান, প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে সপ্তাহে দুদিন এই বাস চলবে। পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল থাকা সাপেক্ষে পরে সপ্তাহে তিন দিন নিয়মিত সার্ভিসটি চালানোর পরিকল্পনা রয়েছে।

আগরতলা থেকে গুয়াহাটি হয়ে ট্রেনে কলকাতা পৌঁছাতে প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। অন্যদিকে, ঢাকার ওপর দিয়ে বাস ভ্রমণে এই দূরত্ব কমে দাঁড়ায় মাত্র ৫০০ কিলোমিটারে, যা যাত্রীদের সময় ও খরচ দুটোই বাঁচিয়ে দেয়।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এই বাস সেবা আবার চালু হওয়াকে স্বাগত জানিয়েছেন। রাজ্যের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী এই বাস সেবাকে কেবল একটি পরিবহন সংযোগ হিসেবে নয়, বরং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে বর্ণনা করেছেন।

তার মতে, এই সেবা পুনরায় চালু হওয়ায় যোগাযোগ, পর্যটন ও বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুসংহত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *