:

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে চরমপন্থি হিন্দু সংগঠনের --বিক্ষোভ- পররাষ্ট্র উপদেষ্টার ক্ষোভ

top-news

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে চরমপন্থি হিন্দু সংগঠনের সদস্যদের আসতে দেওয়া হয়েছে কেন– সে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ ঘটনার পর থেকে দিল্লিতে নিয়োজিত বাংলাদেশের হাইকমিশনারের পরিবার ঝুঁকি অনুভব করছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে সংঘটিত বিক্ষোভের প্রতিক্রিয়ায় আজ রোববার বিকেলে পররাস্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লিতে কূটনীতিক এলাকার ভিতরে বাংলাদেশ মিশনের অবস্থান খুবই নিরাপদ স্থানে, সেখানে হিন্দু চরমপন্থিরা ওই এলাকার মধ‍্যে আসতে পারবে কেন? তাহলে তাদের আসতে দেওয়া হয়েছে, এমন ঘটনা প্রত‍্যশিত নয়।

গতকাল রাতে ভারতের রাজধানী দিল্লিতে ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ব্যানারে বাংলাদেশের হাইকমিশনের সামনে এসে বিক্ষোভ করেছে একদল লোক। তাঁরা প্রায় ২০ মিনিট ব্যানার নিয়ে বাংলাদেশ হাউজের সামনে অবস্থান করে এবং বাংলাদেশের বিরুদ্ধে নানা স্লোগান দেয়। এ সময় ২০ থেকে ২৫ জনের ওই বিক্ষোভকারীরা ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকিও দেয়।

তৌহিদ হোসেন বলেন, ‘তারা বলছে ২০-২৫ জনের দল। হিন্দু চরমপন্থী ২৫ বা ৩০ জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন এমন একটা সেনসিটিভ (স্পর্শকাতর) এলাকার মধ্যে? তাদেরকে আসতে দেওয়া হয়েছে তাহলে? নরমালি (স্বাভাবিকভাবে) তাদের আসতে পারার কথা না।

তারপর তারা হিন্দু নাগরিককে হত্যার প্রতিবাদে শ্লোগান দিয়ে চলে গেছে তা কিন্তু নয়। আরও অনেক কিছু বলেছে সেটা আমরা জানি।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমার কাছে প্রমাণ নেই। কিন্তু আমরা শুনেছি যে তাঁকে (বাংলাদেশের হাইকমিশনার) হত্যার হুমকি দেওয়া হয়েছে। সেখানে এসে তাঁকে হুমকি দেবে কেন?’ এ ঘটনার পর থেকে দিল্লিতে হাইকমিশনারের পরিবার ঝুঁকি বোধ করছে এবং হুমকি অনুভব করছে বলে জানান তৌহিদ হোসেন।

দিল্লিতে ‘অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার’ ব্যানারে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, স্লোগান

ভারতের দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সামনে ‘অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার’ ব্যানারে গতকাল শনিবার রাতে বিক্ষোভ হয়েছে। ২০ থেকে ২৫ জন বিক্ষোভকারী সেখানে বাংলাদেশবিরোধী স্লোগান দেয়। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয়।

আজ রোববার দিল্লি ও ঢাকায় কর্মরত বাংলাদেশের কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, দিল্লির চাণক্যপুরীর কূটনৈতিক এলাকার নিরাপত্তাবেষ্টনী ভেদ করে ২০ থেকে ২৫ জনের উগ্রবাদী একটি দল চার থেকে পাঁচটি গাড়িতে বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে চলে আসে। এ সময় তারা বাংলাদেশবিরোধী স্লোগান দিতে থাকে। গতকাল রাত ৮টা ৩৫ থেকে ৮টা ৫৫ মিনিট পর্যন্ত বিক্ষোভকারীরা বাংলাদেশ হাউসের সামনে অবস্থান করে।

বাংলাদেশ হাউসের গেটের সামনে এসে বিক্ষোভকারীরা কিছুক্ষণ স্লোগান দিতে থাকে। তারা বাংলা ও হিন্দি মিলিয়ে কথা বলছিল। এ সময় ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’, ‘হাইকমিশনারকে ধর’ বলে স্লোগান দেওয়া হয়।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করে জানা গেছে, ‘অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার’ ব্যানারে বিক্ষোভকারীরা হাইকমিশনের সামনে স্লোগান দেওয়ার পর চলে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *