আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিলে লাঠিপেটা
- ডেস্ক রিপোর্ট:
- 27 Aug, 2025
রাজধানীর শাহবাগে তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ থেকে মিছিল শুরু করেন। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে মিছিলটি ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে পথ আটকায়। শিক্ষার্থীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা শুরু করে এবং কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ সময় কয়েকটি সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়। এদিকে, প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলোর বিষয়ে যৌক্তিকতা নিরীক্ষায় কমিটি গঠন করেছে সরকার। আজ বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আট সদস্যের এই কমিটিতে সভাপতি করা হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে। যমুনা অভিমুখে যাওয়ার প্রাক্কালে পুলিশি বাধার মুখে শিক্ষার্থীরা হোটেলের সামনের সড়কে বসে পড়লে পুলিশ তাদের সরাতে জলকামান ব্যবহার করে। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবি আদায়ে শাহবাগ মোড় অবরোধ করেন। পুলিশ বলছে, শিক্ষার্থীদের অবরোধের কারণে শাহবাগ ও এর আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়। ছাত্ররা যেসব দাবি উত্থাপন করেছে সেসব দাবি হচ্ছে, ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না; দশম গ্রেড (টেকনিক্যাল) বা উপসহকারী প্রকৌশলী বা সমমান পদে ডিপ্লোমাদের জন্য বরাদ্দকৃত ১০০ শতাংশ কোটা বাতিল করে, ওই পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নির্ধারণ করে, উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন বিএসসি বা এমএসসি ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ দিতে হবে এবং সর্বশেষ দাবি, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতিত কেউ নামের পাশে 'ইঞ্জিনিয়ার' পদবি ব্যবহার করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর আগে গতকাল মঙ্গলবার 'ঢাকা চলো' কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। সেই কর্মসূচির অংশ হিসেবেই আজ তারা শাহবাগে জড়ো হন। এর আগেও একই দাবিতে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আসছিলেন।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

